শিরোনাম

সংসদ ভবন, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদনের প্রেক্ষিতে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আজ সংসদ সচিবালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ এপ্রিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পোর্টালে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ায় বিষয়টি তদন্তের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার আজ ২১ এপ্রিল পাঁচ সদস্যদের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেন।
হুইপ এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান)-কে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত।
কমিটিকে আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।