শিরোনাম

সংসদ ভবন, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনৈতিক শাসনব্যবস্থা ও আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে বিএনপির রাজনৈতিক অবস্থান কোনো ধরনের আপসের সুযোগ দেয় না।
তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, অতীতে যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, তখন আর্থিক শৃঙ্খলা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা কিংবা শেয়ারবাজার নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। তাই নিশ্চিন্ত থাকুন ...।’
আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের এনসিপি’র সংসদ সদস্য মো. আবুল হাসনাতের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
খসরু দাবি করেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে কখনোই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বা আর্থিক শৃঙ্খলা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি।
অর্থনৈতিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দলটি প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির শাসনামলে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বা শেয়ারবাজারে অনিয়ম নিয়ে কোনো উদ্বেগ ছিল না।’
মন্ত্রী আরো জানান, ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘যারা ব্যাংক থেকে অর্থ নিয়ে পালিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
খসরু আরো বলেন, পাচার হওয়া অর্থ উদ্ধারে সরকার-টু-সরকার (জি-টু-জি) উদ্যোগের পাশাপাশি বেসরকারি রিকভারি প্রতিষ্ঠানগুলোও কাজ করছে।
তিনি বলেন, ‘অর্থ উদ্ধারের জন্য আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছি। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি রিকভারি প্রতিষ্ঠানগুলোও কাজ করছে।’
আশাবাদ ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, আগামী দিনগুলোতে এই অর্থ সফলভাবে উদ্ধার করা সম্ভব হবে বলে সরকার প্রত্যাশা করছে।