বাসস
  ১৯ এপ্রিল ২০২৬, ১৮:১৯

সকল বিদ্যুৎ গ্রাহককে প্রি-পেমেন্ট মিটারের আওতায় আনা হচ্ছে : ইকবাল হাসান 

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ফাইল ছবি

সংসদ ভবন, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দেশের সকল বিদ্যুৎ গ্রাহককে শতভাগ প্রি-পেমেন্ট মিটারের আওতায় নিয়ে আসার জন্য কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে শতভাগ প্রি-পেমেন্ট মিটার স্থাপন সম্পন্ন হলে মিটার রিডারের প্রয়োজনীয়তা বিলুপ্ত হবে।

তিনি আজ সংসদে রাজশাহী-৪ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. আব্দুল বারী সরদারের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

ইকবাল হাসান মাহমুদ জানান, বর্তমানে মিটার রিডারগণ গ্রাহকের আঙ্গিনায় উপস্থিত হয়ে মিটার রিডিং গ্রহণ করেন এবং রিডিংয়ের ভিত্তিতে বিদ্যুৎ বিল প্রণয়ন ও তা গ্রাহকের কাছে বিতরণ করা হয়। মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জারগণ যথা সময়ে রিডিং গ্রহণ ও বিল বিতরণ করে থাকেন। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে পোষ্ট পেইড মিটার সমূহের স্নাপ-সট পদ্ধতিতে রিডিং সংগ্রহ করা হয়। স্নাপ-সট পদ্ধতিতে মিটারের ছবি থেকে রিডিং ইনপুট করা হয় বিধায় বিদ্যুৎ বিলে সঠিক রিডিং থাকে। তবে গ্রাহক কর্তৃক অফিসে অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা সমাধান করা হয়ে থাকে।

মিটার রিডার রিডিং গ্রহণের ক্ষেত্রে কোন অসদুপায় অবলম্বন করা হলে বা প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।