শিরোনাম

সংসদ ভবন, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর মোট বকেয়া বিলের পরিমাণ প্রায় ৫২ হাজার ৩০০ কোটি টাকা।
তিনি বলেন, '২০২৬ সালের ৯ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (বিদ্যুৎ আমদানিসহ) মোট বকেয়া বিল দাঁড়িয়েছে ৫২,৩০০.৮৮ কোটি টাকা।'
আজ সংসদে ঢাকা-১৮ আসনের সরকারি দলের সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
প্রশ্নে জাহাঙ্গীর হোসেন জানতে চান, বর্তমানে দেশে সরকারি বা বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর কোনো বকেয়া বিল রয়েছে কি না।
মন্ত্রী আরো জানান, মোট বকেয়ার মধ্যে সরকারি ও বেসরকারি কোম্পানির গ্যাস বিল বাবদ পেট্রোবাংলার কাছে বকেয়া রয়েছে ১১,৬৩৪.০৬ কোটি টাকা। এছাড়া ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাবদ ৩,৮৯১.৫৫ কোটি টাকা পরিশোধ বাকি রয়েছে।
তিনি আরও বলেন, গ্যাস ও ফার্নেস তেলভিত্তিক স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী (আইপিপি) কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ ও জ্বালানি বিল বাবদ বকেয়া রয়েছে ১৭,৩৫৭.৬৮ কোটি টাকা। যৌথ উদ্যোগ ও আইপিপি কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর কয়লার মূল্য ও ক্যাপাসিটি চার্জ বাবদ আরও ১৫,৪৫২.৯১ কোটি টাকা বকেয়া রয়েছে।
এ ছাড়া সরকারি মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে ক্যাপাসিটি চার্জ ও জ্বালানি বিল বাবদ ৫,৬২৩.০৩ কোটি টাকা বকেয়া রয়েছে এবং হাউলিং চার্জ বাবদ বকেয়া রয়েছে ১৯৮.৯৪ কোটি টাকা।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদকে আরও জানান, বিদ্যুৎকেন্দ্রগুলোর নেওয়া ব্যাংক ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১,৪৯,৩১১.২৬ কোটি টাকা।