বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ১৩:৫৭

চাকরির নিয়োগ প্রক্রিয়ায় দক্ষতাভিত্তিক পদ্ধতি প্রবর্তনের পরিকল্পনা

সংসদ ভবন, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, বর্তমানে দ্রুত পরিবর্তনশীল কর্মবাজার ও প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিসিএসসহ অন্যান্য সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় প্রচলিত মুখস্থ নির্ভর সিলেবাসের পরিবর্তে স্কিল-বেজড বা দক্ষতাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি প্রবর্তনে সরকারের পরিকল্পনা রয়েছে।

তিনি আজ সংসদে রাজবাড়ী-২ আসনের সরকারি দলের সদস্য মো. হারুন-অর-রশিদের টেবিলে উত্থাপিত লিখিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘বিসিএসসহ অন্যান্য সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় প্রচলিত মুখস্থ নির্ভর সিলেবাসের পরিবর্তে স্কিল-বেজড বা দক্ষতাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি প্রবর্তন করা বর্তমান কমিশনের একটি অন্যতম লক্ষ্য।’

তিনি আরও জানান, এ লক্ষ্য অর্জনে কমিশন বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তনের জন্য একটি কমিটি করেছে, যা বিভিন্ন দেশের সিভিল সার্ভিস পরীক্ষার সিলেবাস পর্যালোচনাপূর্বক প্রয়োজনীয় সংশোধন/সংযোজন করার আশা করছে। 

তিনি বলেন, মৌখিক পরীক্ষার ক্ষেত্রেও কমিশন শিগগিরই যোগ্যতা ভিত্তিক সাক্ষাৎকার (সিবিআই) চালু করতে যাচ্ছে, যাতে প্রার্থীর জ্ঞান, দক্ষতা ও মনোভাব (কেএসএ) মূল্যায়ন করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা হ্রাস করে, এক বছরের মধ্যে একটি বিসিএস সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। ৫০তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশের সময় পরীক্ষা গ্রহণের সুনির্দিষ্ট সময় প্রকাশ করা হয়েছে এবং সে অনুযায়ী ৫০তম বিসিএস এর প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবং লিখিত পরীক্ষা শুরু হয়েছে। 

উল্লেখ্য, ২০২৪ এর অক্টোবরে বর্তমান কমিশন গঠনের পর ইতোমধ্যে ৪৪, ৪৫, ৪৬ বিসিএস এবং ৪৮ ও ৪৯ (বিশেষ) বিসিএস এর কার্যক্রম শেষ করা হয়েছে।