শিরোনাম

সংসদ ভবন, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : দেশের ক্রমবর্ধমান বেকারত্ব সমস্যা মোকাবিলায় প্রাণিসম্পদ খাতকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
আজ জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. কামরুল হাসান (ময়মনসিংহ-৬)-এর টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ সময় মন্ত্রী আরও বলেন, প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে নতুন নতুন প্রকল্প গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
এ সব প্রকল্প বাস্তবায়িত হলে বেকারত্ব হ্রাসে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্বনির্ভর জনগোষ্ঠী ও উদ্যোক্তা শ্রেণি তৈরি করাই এ সব উদ্যোগের মূল লক্ষ্য। এর ফলে স্ব-কর্মসংস্থান বাড়বে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ বৃদ্ধি পাবে।
মন্ত্রী জানান, সরকার যে প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে, তার মধ্যে রয়েছে সিলেট অঞ্চলে দেশীয় দুগ্ধ গাভীর উন্নয়ন ও সম্প্রসারণ, উত্তর-মধ্যাঞ্চলের চর ও নদী ভাঙনপ্রবণ এলাকায় প্রাণিসম্পদ উন্নয়ন, জলবায়ু সহনশীল মুরগির জাত সম্প্রসারণে কেন্দ্রীয় পোলট্রি খামারের সক্ষমতা বৃদ্ধি, ইউনিয়ন পর্যায়ে প্রাণিসম্পদ সেবা উন্নয়ন, কৃত্রিম প্রজনন সেবা আধুনিকায়ন এবং উপজেলা ও জেলা পর্যায়ে ভেটেরিনারি সেবা উন্নয়ন ও আধুনিকায়ন।
এ ছাড়া কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের আধুনিকায়ন ও সম্প্রসারণ, পোলট্রি ও হাঁস খামার সেবা উন্নয়ন এবং ক্ষুদ্র জাবরকাটা প্রাণি খামারের উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্পও গ্রহণ করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এ সব প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে, দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, নতুন উদ্যোক্তা তৈরি হবে ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।