শিরোনাম

সংসদ ভবন, ২ এপ্রিল, ২০২৬ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, বর্তমানে সারাদেশে মোট ৬টি বিদ্যুৎ বিতরণকারী সংস্থা/কোম্পানিসমূহের আওতাধীন এলাকায় ১ হাজার ৮৩৪টি বিদ্যুৎ উপকেন্দ্র রয়েছে।
এরমধ্যে বাবিউবো'র ১৮৭টি, বাপবিবো'র ১ হাজার ৩০৬টি, ডেসকো'র ৬০টি, ডিপিডিসি'র ৯৯টি, ওজোপাডিকো'র ৯৭ এবং নেসকো'র ৮৫টি বলে তিনি জানান।
আজ সংসদে ফেনী-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
তিনি জানান, সারাদেশে মোট ৬টি বিদ্যুৎ বিতরণকারী সংস্থা/কোম্পানির আওতায় ১৩৯টি নতুন উপকেন্দ্র নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ক্ষমতা বাড়ানোর জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় ৫টি চলমান প্রকল্প রয়েছে এবং ৩টি প্রকল্পের অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। চলমান ৫টি প্রকল্পের মাধ্যমে ১২৮টি নতুন উপকেন্দ্র নির্মাণ ও ৭৬টি বিদ্যমান উপকেন্দ্র আপগ্রেডেশন করে সক্ষমতা (নতুন: ১,৭৩০ এমভিএ+আপগ্রেডেশন: ৮১৩ এমভিএ) ২ হাজার ৫৪৩ এমভিএ বৃদ্ধি করা হবে।
এছাড়া, অনুমোদন প্রক্রিয়াধীন ৩টি প্রকল্পের মাধ্যমে ২২৬টি নতুন উপকেন্দ্র নির্মাণ করে সক্ষমতা ৩ হাজার ৭১২ এমভিএ বৃদ্ধি করা হবে। অর্থাৎ ২০৩১ সালের মধ্যে সক্ষমতা আরও (২,৫৪৩+৩,৭১২) ৬ হাজার ২৫৫ এমভিএ বৃদ্ধি করা হবে।
মন্ত্রী জানান, বাবিউবো'র আওতাধীন ময়মনসিংহ ও কুমিল্লা জোনের আওতাধীন নতুন ২টি প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়েছে।
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ওজোপাডিকো কর্তৃক বর্তমানে ৪টি চলমান প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে এবং পাশাপাশি আরও ৪টি নতুন প্রকল্প গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া, নেসকো এলাকায় ৩টি প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং ১টি প্রকল্প পরিকল্পনাধীন রয়েছে।