বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১৭:১০
আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৭:২৪

কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষক সহায়তায় সরকারের ব্যাপক উদ্যোগ : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। ফাইল ছবি

সংসদ ভবন, ৩১ মার্চ, ২০২৬ (বাসস) : কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ জানিয়েছেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তায় সরকার বিভিন্ন বাস্তবসম্মত ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে।

আজ সংসদে সরকারি দলের সংসদ সদস্য রেজা আহাম্মেদের (কুষ্টিয়া-১) তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষকদের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং কৃষিখাতে সার্বিক সহায়তা প্রদানে সরকার কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণের জন্য প্রতি কৃষককে ২ হাজার ৫০০ টাকা প্রণোদনা দেওয়ার লক্ষ্যে একটি প্রি-পাইলটিং কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী জানান, কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের বিনামূল্যে বীজ, সার, কীটনাশকসহ অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করা হচ্ছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ কর্মসূচির জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে; যার মধ্যে ইতোমধ্যে ৪০১ দশমিক ৬০ কোটি টাকা ছাড় করা হয়েছে এবং এতে প্রায় ২৫ লাখ ২২ হাজার কৃষক উপকৃত হয়েছেন।

তিনি আরও বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সরকার ইতোমধ্যে প্রতি কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। এতে ১ হাজার ৫৫০ কোটি টাকা ব্যয় হয়েছে এবং প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত খাল খনন কর্মসূচির ধারাবাহিকতায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি উৎপাদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সার, সেচের বিদ্যুৎ, আখসহ বিভিন্নখাতে ভর্তুকি প্রদান করা হয়েছে।

মন্ত্রী জানান, চলতি অর্থবছরে ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে ২৬ লাখ মেট্রিক টন ইউরিয়া, ৯.৫ লাখ মেট্রিক টন টিএসপি, ১০.৫ লাখ মেট্রিক টন এমওপি এবং ১৬.৮৫ লাখ মেট্রিক টন ডিএপি সার সরবরাহ করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশে সবজি ও ফল সংরক্ষণের জন্য ১৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ৭০৩টি মডেল আলু সংরক্ষণাগার এবং ৮০০টি মডেল পেঁয়াজ সংরক্ষণাগার স্থাপন করা হয়েছে।

মন্ত্রী বলেন, সরকারের বাস্তবসম্মত নীতি ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ফলে ধান, ভুট্টা, আলু, সবজি, ফলসহ অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং এ ধারা অব্যাহত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।