বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২

কুমিল্লায় উৎসবমুখর ভোটে ভোটারদের দীর্ঘ সারি

ছবি : বাসস

দেলোয়ার হোসাইন আকাইদ

কুমিল্লা, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দীর্ঘ ১৭ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কুমিল্লায় চলছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলার ১১টি সংসদীয় আসনের প্রায় দেড় হাজার কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। প্রায় কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ সারি চোখে পড়েছে। নারী-পুরুষ, তরুণ-তরুণী, প্রবীণ, প্রথমবার ভোটার, নৃগোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে পুরো জেলায় বিরাজ করছে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে উপস্থিতির সংখ্যা। অনেক কেন্দ্রে নারী ভোটারদের আলাদা লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। কোথাও কোথাও তরুণ ভোটাররা সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন তাদের প্রথম ভোট দেওয়ার অনুভূতি। কেন্দ্র প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান ভোটারদের মধ্যে আস্থা তৈরি করেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কুমিল্লা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার ১১টি সংসদীয় আসনে প্রায় ৫০ লাখ ভোটারের অংশগ্রহণে ভোটগ্রহণ চলছে। প্রায় দেড় হাজার ভোটকেন্দ্রকে কেন্দ্র করে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার ৩৩৪ জন সদস্য। পাশাপাশি মাঠে রয়েছেন ৯৮ জন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট।

কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানান, সকাল থেকে জেলার ১১টি আসনে শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। এসব আসনে দায়িত্ব পালন করছেন ৭৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। পাশাপাশি মাঠে রয়েছে সেনাবাহিনীর ৫৫টি প্লাটুন, বিজিবির ৩৯টি প্লাটুন এবং র‌্যাবের ২৪টি মোবাইল টিম। 

তিনি বলেন, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কুমিল্লা সদর দক্ষিণের নেউরা সরকারী প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে কথা হয় ষাটোর্ধ্ব ভোটার আবদুল কাদেরের সঙ্গে। তিনি বলেন, আমি অনেক নির্বাচন দেখেছি। কিন্তু আজকের মতো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ অনেক দিন পর দেখলাম। সকালেই চলে এসেছি ভোট দিতে। ভোট দিয়ে খুব ভালো লাগছে।

অপর পাশে নেউরা মমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ছিলেন গৃহিণী শিউলি আক্তার। তিনি বলেন, আমরা নারীরা নিরাপদ পরিবেশে ভোট দিতে পারছি। কেন্দ্রে আলাদা লাইন ও পর্যাপ্ত নিরাপত্তা আছে। দীর্ঘ সময় পর এমন পরিবেশে ভোট দিতে পেরে আনন্দ লাগছে।

নগরীর ১৬ নম্বর ওয়ার্ড সংরাইশ সালেহা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথমবার ভোট দিতে আসা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মৌমিতা পরান নিশি বলেন, আজ আমার জীবনের প্রথম ভোট। সকাল থেকেই বন্ধুদের সঙ্গে কেন্দ্রে এসেছি। লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু বিরক্ত লাগছে না। মনে হচ্ছে, একটি ঐতিহাসিক মুহূর্তের অংশ হয়েছি।

কুমিল্লা কোটবাড়ি চাঙ্গিনী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা পাহাড়ি উপজাতি সম্প্রদায়ের ভোটার জ্যোতি রঞ্জন ত্রিপুরা বলেন, আমরা পরিবারের সবাই ভোট দিতে এসেছি। শান্তিপূর্ণ পরিবেশ দেখে ভালো লাগছে। আমাদের সম্প্রদায়ের মানুষও এবার উৎসাহ নিয়ে ভোট দিচ্ছে।

একটি কেন্দ্রে দেখা যায়, হুইলচেয়ারে করে একজন প্রবীণ ভোটারকে নিয়ে এসেছেন তার ছেলে। ৮২ বছর বয়সী আবুল হোসেন বলেন, শরীর ভালো না, তবুও ভোট দিতে এসেছি। আজকের পরিবেশ আমাকে অনুপ্রাণিত করেছে।

নারী ভোটারদের মধ্যে তরুণীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কলেজছাত্রী সুমাইয়া নাসরিন বলেন, আমরা পরিবর্তনের অংশ হতে চাই। ভোট দিতে পেরে গর্বিত।

ভোটকেন্দ্রগুলোর বাইরে ছিল শৃঙ্খলাবদ্ধ পরিবেশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া তদারকি করছেন। কেন্দ্রের ভেতরে প্রিসাইডিং কর্মকর্তারা ভোটারদের সহায়তা করছেন। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।