বাসস
  ২৫ আগস্ট ২০২৬, ১৬:১৫

ডা. আসাদুরের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ (বাসস): ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতারকৃত জীবন ওরফে আদিলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৭ আগস্ট শান্তিনগর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা শেষে মোহাম্মদপুরের নিজ বাসায় যাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে বের হন অধ্যাপক মো. আসাদুর রহমান।

এ সময় পল্টন মডেল থানাধীন শান্তিনগর এলাকায় আসামি জীবন ওরফে আদিলসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয় জন আসামি পূর্বপরিকল্পিতভাবে বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে তার সিএনজির গতিরোধ করে।

আসামিরা তাকে টেনেহিঁচড়ে সিএনজি থেকে বের করে। এ সময় আসামি জীবন ওরফে আদিল তার ডান চোখে সজোরে ঘুষি মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। এ ঘটনায় ১৮ আগস্ট রাজধানীর পল্টন থানায় ডা. মো. আসাদুর রহমান বাদি হয়ে মামলা করেন।