শিরোনাম

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪০ হাজার ৭২০ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আইনি সহায়তা প্রদানের মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা মোট ২ লাখ ৪০ হাজার ৭২০ টি। এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ হাজার ৩৬৯ টি, দেশের ৬৪ টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ৩৭ হাজার ৫২৭ টি, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলে ৮২৪ টি মামলা নিষ্পত্তি হয়েছে।
দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।