বাসস
  ০৬ জুলাই ২০২৬, ১৪:৫৯

২২তম ওরিয়েন্টেশন কোর্সে অংশ নেবেন ৪০ বিচারক, আইন মন্ত্রণালয়ের মনোনয়ন

ফাইল ছবি

ঢাকা, ৬ জুলাই, ২০২৬ (বাসস): বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট (জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট-জেএটিআই) আয়োজিত ২২তম ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণের জন্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের ৪০ জন বিচারককে মনোনয়ন দিয়েছে আইন ও বিচার বিভাগ।

আজ (রোববার) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশিক্ষণ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শ ও অনুমতিক্রমে আগামী ১১ থেকে ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য ২২তম ওরিয়েন্টেশন কোর্সে অংশ নেওয়ার জন্য ৪০ জন বিচারককে মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনীতদের মধ্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত মহানগর দায়রা জজ এবং আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তর, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালে কর্মরত সমপর্যায়ের বিচারিক কর্মকর্তারা রয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা বিধি অনুযায়ী ভ্রমণ ভাতা (টিএ) ও দৈনিক ভাতা (ডিএ) পাবেন।

এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণের আগে নিবন্ধনসহ প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণের জন্য মনোনীত বিচারকদের বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ওয়েবসাইট পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের অনুলিপি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, দুর্নীতি দমন কমিশন, জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তর, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনাল, সংশ্লিষ্ট জেলা ও মহানগর আদালত এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।