বাসস
  ২৯ জুন ২০২৬, ১৬:২৫

নরসিংদীর সাবেক এমপি আনোয়ারুল আশরাফের স্ত্রীর আয়কর নথি জব্দ

ঢাকা, ২৯ জুন, ২০২৬ (বাসস) : নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খানের স্ত্রী আফরোজা সুলতানার আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক শাহজাহান কবির এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, আফরোজা সুলতানা ও তার স্বামী আনোয়ারুল আশরাফ খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারায় এবং দণ্ডবিধির ১০৯ ধারায় দুর্নীতি দমন কমিশন গত বছরের ৯ জানুয়ারি সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করে। তদন্তকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় যে, আসামি আফরোজা সুলতানা একজন আয়করদাতা।

আবেদনে আরো বলা হয়, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সালের ১২ নম্বর আইন)-এর ৩০৯(৩)ক ধারায় আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করতে আদালতের আদেশ প্রয়োজন মর্মে উল্লেখ রয়েছে। উক্ত আইনের নির্দেশনা মোতাবেক আফরোজা সুলতানার আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্রের মূলকপি জব্দ এবং মামলার তদন্তকালে পর্যালোচনার নিমিত্ত সত্যায়িত অনুলিপি সরবরাহের আদেশ একান্ত প্রয়োজন।