বাসস
  ০২ মে ২০২৬, ২২:৩৫

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৪ সালে ‘লিগ্যাল এইড’ ধারণা দিয়েছিলেন

ছবি কোলাজ : বাসস

ঢাকা, ২ মে, ২০২৬ (বাসস) : লিগ্যাল এইড ধারণা ১৯৯৪ সালে বাংলাদেশের অবিসংবাদিত ও আপোসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন।

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ কথা বলেন।

জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবসের অনুষ্ঠানে সম্প্রতি আইনমন্ত্রী জানান, বাংলাদেশের অবিসংবাদিত ও আপোসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৪ সালে প্রথম একটি ফান্ড গঠন করেন। 

সরকারের পক্ষ থেকে তিনি সেখানে কিছু টাকা দেন এবং বলা হলো, এই টাকা গরীব-অসহায় মেহনতি মানুষের জন্য ব্যবহার করা হবে। সে টাকা দিয়ে তারা যাতে লিগ্যাল এইড পায়। আমরা আজ ২০২৬ সালে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার সেই ধারণাটাকে আরো বিস্তৃত করতে চেয়েছি।

আইনমন্ত্রী বলেন, দেশে ৪০ লাখ মামলার জট কমাতে গেলে লিগ্যাল এইড'কে আরো বেশি (ইফেক্টিভ) কার্যকর করতে হবে।

তিনি বলেন, মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার তার শাশ্বত অধিকার, তার সহজাত অধিকার। আমরা চাই এই (লিগ্যাল এইড) কর্মসূচি বাংলাদেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাক। আমরা চাই এ দেশের মানুষ তার ন্যায় বিচার ফিরে পাক।