বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮

রাশিয়ার আকাশসীমা নিয়ে কিয়েভের ‘অবৈধ’ সতর্কবার্তার নিন্দা মস্কোর

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাশিয়া শুক্রবার জানিয়েছে, রাশিয়ার আকাশসীমাকে ‘অত্যন্ত বিপজ্জনক’ হিসেবে সতর্ক করার ঘটনায় ইউক্রেনের বিরুদ্ধে নিন্দা জানাতে তারা জাতিসংঘের বেসামরিক বিমান চলাচল সংস্থা আইসিএও-এর কাছে আবেদন করেছে। 

পাশাপাশি, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওই বক্তব্যকে ‘অবৈধ’ বলে নিন্দা জানিয়েছে মস্কো।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

চলতি সপ্তাহের শুরুতে জেলেনস্কি বিশ্বের বিভিন্ন বিমান সংস্থাকে সতর্ক করে বলেন, রাশিয়ার আকাশসীমা ‘সম্পূর্ণ অনিরাপদ’ হয়ে পড়বে এবং সেখানে ইউক্রেনীয় ড্রোনের উপস্থিতি থাকবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন জেলেনস্কির এই সতর্কবার্তাকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আইসিএও-এর প্রধানের কাছে একটি প্রতিবাদপত্র পাঠিয়েছে। এতে ইউক্রেনের ‘অবৈধ হস্তক্ষেপের’ নিন্দা জানানো এবং বেসামরিক বিমান চলাচলের জন্য সরাসরি হুমকি তৈরির বিষয়টি তুলে ধরা হয়েছে।

এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনের এই বক্তব্যকে ‘আন্তর্জাতিক আইনের পরিপন্থী বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গত সাড়ে চার বছর ধরে যুদ্ধ চলছে। ২০২২ সাল থেকেই ইউক্রেনের আকাশসীমা বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ রয়েছে।

জেলেনস্কির বক্তব্যের পর বুধবার কানাডার মন্ট্রিয়লভিত্তিক আইসিএও তাদের সদস্য দেশগুলোর প্রতি বেসামরিক উড়োজাহাজের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

গত সপ্তাহে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন বেসামরিক বিমান চলাচলের জন্য কোনো ধরনের হুমকি সৃষ্টি করছে না— একটি বেসামরিক উড়োজাহাজের জন্যও নয়।’

তিনি আরও বলেন, ‘তবে রাশিয়ার আকাশে বিপুলসংখ্যক ড্রোন থাকবে, যা অবশ্যই বিবেচনায় নিতে হবে।’

মস্কোর ইউক্রেনীয় শহরগুলোতে নিয়মিত হামলার প্রতিশোধ হিসেবে কিয়েভ গত চার বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়ে আসছে।