বাসস
  ২৫ আগস্ট ২০২৬, ১০:৩৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬,৫০০ ছাড়িয়েছে

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ (বাসস): ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৬,৫০৯ জনে দাঁড়িয়েছে। দেশটির অন্তর্বর্তী সরকার সোমবার এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ২৪ জুন মাসে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে উপকূলীয় লা গুয়াইরা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেখানে অন্তত ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়ে।

এর আগে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬,৪৩৮ জন বলে জানানো হয়েছিল।

লা গুয়াইরায় এখনো ধ্বংসস্তূপের নিচে থাকা মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। ভূমিকম্পে ঘরবাড়ি হারানো হাজার হাজার মানুষ এখনো অস্থায়ী তাঁবু ও ক্যাম্পে বসবাস করছেন।

তবে ভূমিকম্পের পর কতজন এখনো নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে অন্তর্বর্তী সরকার কোনো তথ্য প্রকাশ করেনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত ৩৩৫টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে। বছরের শেষ নাগাদ মোট ৪ হাজার ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।