বাসস
  ১৬ আগস্ট ২০২৬, ১১:১২

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তার পর কিয়েভে বিস্ফোরণের শব্দ : এএফপি

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস): ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ ভোরে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে শহরটির কর্তৃপক্ষ সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায়। 

এএফপির এক প্রতিবেদক ঘটনাস্থল থেকে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

ইউক্রেনের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে রাশিয়া সাম্প্রতিক সময়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়িয়েছে। এর জবাবে ইউক্রেনও গত কয়েক সপ্তাহে রাশিয়ার ভূখণ্ডের গভীরে ড্রোন হামলা চালিয়ে আসছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রোববার স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে কিয়েভের সামরিক প্রশাসন টেলিগ্রামে জানায়, ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির কারণে কিয়েভে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।’ একই সঙ্গে বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো পরে রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার কথা জানান। তিনি বলেন, শহরটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে রয়েছে।

এর কিছুক্ষণ পর রাজধানীর ওবোলনস্কি জেলায় একটি অ-আবাসিক ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। মেয়র ক্লিৎসকো ও স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানালেও, এতে কোনো হতাহত হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

এদিকে রাশিয়া জানিয়েছে, রাজধানী মস্কোর দিকে এগিয়ে আসা আরও একটি ড্রোনবহরের হামলা তারা প্রতিহত করেছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত ম্যাক্স প্ল্যাটফর্মে একাধিক পোস্টে জানান, রুশ বাহিনী মস্কোর দিকে আসা প্রায় ২৮টি ড্রোন ভূপাতিত করেছে।

ইউক্রেনীয় বাহিনী নিয়মিতভাবে রাশিয়ার তেল শোধনাগার ও সামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে। অন্যদিকে, মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অভিযান জোরদার করার পাশাপাশি কিয়েভসহ বিভিন্ন শহরে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, এসব হামলায় কোনো কোনো সময় উত্তর কোরিয়ার সরবরাহ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে রাশিয়া।