শিরোনাম

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬ (বাসস): ভারতের উত্তরাঞ্চলে নির্মাণাধীন একটি টানেলে ভূমিধসের পর পানি ও ধ্বংসাবশেষ ঢুকে অন্তত সাত শ্রমিক নিহত এবং ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে হিমালয়ঘেঁষা উত্তরাখণ্ড রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। সেখানে সরকারি একটি পানিবিদ্যুৎ প্রকল্পের জন্য টানেল নির্মাণের কাজ চলছিল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অন্তত তিন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। এ ছাড়া টেহরি হাইড্রো ডেভেলপমেন্ট করপোরেশনের প্রকল্প এলাকা থেকে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মাথায় টর্চ লাগানো উদ্ধারকর্মীরা অস্থায়ী ভেলা ব্যবহার করে টানেলের পানিতে প্লাবিত অংশে পৌঁছানোর চেষ্টা করছেন।
গত কয়েক দিনে উত্তরাখণ্ডে মৌসুমি ভারী বৃষ্টিপাত হয়েছে।
ভারতে বড় নির্মাণ প্রকল্পে দুর্ঘটনা সাধারণ ঘটনা। তবে পরিবেশবিদদের মতে, অতিরিক্ত উন্নয়ন প্রকল্পের কারণে ভঙ্গুর হিমালয় অঞ্চলে দুর্যোগের ঝুঁকি আরও বেড়েছে।
গত মাসে উত্তর-পূর্ব ভারতের প্রত্যন্ত সিকিম রাজ্যে আরেকটি সরকারি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে কাজ করার সময় ২০ জন নিহত হন।
২০২৩ সালে উত্তরাখণ্ডে ধসে পড়া একটি টানেলের ভেতরে ১৭ দিন আটকে থাকার পর ৪১ শ্রমিককে উদ্ধার করা হয়েছিল।
জুনে বার্ষিক মৌসুমি বৃষ্টির মৌসুম শুরু হওয়ার পর থেকে ভারতজুড়ে বন্যা ও ভূমিধসে শত শত মানুষ নিহত হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিত উন্নয়ন একসঙ্গে দুর্যোগের ঘটনা আরও ঘন ঘন ঘটাচ্ছে এবং সেগুলোর তীব্রতা ও ক্ষয়ক্ষতির মাত্রা বাড়িয়ে দিচ্ছে।