শিরোনাম

ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের সমর্থনে এ সপ্তাহে শুরু হওয়া ভেনেজুয়েলার রাজনৈতিক উত্তরণ নিয়ে আলোচনায় সংবাদমাধ্যমের ওপর আরোপিত বিধিনিষেধের নিন্দা জানিয়েছে দেশটির সাংবাদিকদের একটি সংগঠন।
মার্কিন বাহিনী কর্তৃক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সাত মাস পর ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ও বিরোধী দলের একটি অংশ এখন আলোচনায় বসেছে। এই আলোচনা শেষ পর্যন্ত নির্বাচন আয়োজনের পথ তৈরি করবে বলে আশা করছেন অনেকে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আলোচনা শুরুর এক দিন পর সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা প্রতিবাদ করেছেন। আলোচনায় শুধু আলোকচিত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া এবং সাংবাদিকদের পর্যাপ্ত তথ্য না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানান তারা।
সাংবাদিক ডেইসি মার্টিনেজ বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁর সরঞ্জাম কেড়ে নেন এবং তাঁকে গ্রেফতার করার কথাও বলেন। পরে তিনি যে ছবিগুলো তুলেছিলেন, সেগুলো মুছে দেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ন্যাশনাল ইউনিয়ন অব প্রেস ওয়ার্কার্স (এসএনটিপি) বিরোধী দলের প্রতিনিধিদলের কাছে এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ করেছে।
বৈঠকের পর এসএনটিপি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, প্রতিনিধিদলের সদস্যরা ‘ঘটনার নিন্দা জানিয়েছেন এবং গণমাধ্যমকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।’
সংগঠনটি আরও বলেছে, ‘সংলাপ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমে সাংবাদিক ও গণমাধ্যমের জন্য স্বচ্ছতা এবং সময়মতো, অবাধ ও বৈষম্যহীন প্রবেশাধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর আমরা জোর দিচ্ছি।’
ওয়াশিংটনের সমর্থনে শুরু হওয়া এই আলোচনা ১২ আগস্ট পর্যন্ত চলার কথা। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এর লক্ষ্য হলো ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক অচলাবস্থার ‘রাজনৈতিক, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সাংবিধানিক সমাধান’ খুঁজে বের করা।
জানুয়ারিতে মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপের মধ্যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন ডেলসি রদ্রিগেজ।