শিরোনাম

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : প্লাস্টিক দূষণ মোকাবিলায় একটি বৈশ্বিক চুক্তির লক্ষ্যে থমকে থাকা আলোচনা এগিয়ে নিতে নতুন প্রধান নির্বাচন করেছে বিশ্বের বিভিন্ন দেশ।
দীর্ঘ আলোচনার পর, শনিবার জেনেভায় চিলির অভিজ্ঞ কূটনীতিক জুলিও করডানোকে এই দায়িত্ব দেওয়া হয়।
জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নির্বাচিত হওয়ার পর করডানো বলেন, ‘প্লাস্টিক দূষণ একটি বৈশ্বিক সমস্যা। এটি প্রতিটি দেশ, সমাজ ও ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করছে। তাই এখন দ্রুত একটি চুক্তিতে পৌঁছানো জরুরি।’
বিশ্বে প্রতি বছর ৪০ কোটি টনের বেশি প্লাস্টিক উৎপাদিত হয়, যার অর্ধেকই মাত্র একবার ব্যবহারের উপযোগী।
এই দূষণ এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। এমনকি উঁচু পাহাড়ের চূড়া থেকে শুরু করে গভীর সমুদ্রেও অতি ক্ষুদ্র প্লাস্টিক কণার অস্তিত্ব পাওয়া গেছে।
২০২৪ সালে দক্ষিণ কোরিয়ায় এই চুক্তির বিষয়ে চূড়ান্ত আলোচনার কথা থাকলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই তা শেষ হয়। এরপর গত আগস্টে জেনেভায় আবারও আলোচনা শুরু হলে তা-ও ব্যর্থ হয়।
গত অক্টোবরে এই আলোচনার বর্তমান চেয়ারম্যান লুইস ভায়াস ভালদিভিয়েসো পদত্যাগ করেন।
নতুন চেয়ারম্যান নির্বাচনের জন্য শনিবার জেনেভায় ১৫৬টি দেশ বৈঠকে বসে। তিন জন প্রার্থীর মধ্য থেকে একজনকে বেছে নিতে গিয়ে দেশগুলোর মধ্যকার মতপার্থক্য আবারও সামনে আসে।
দেশগুলোর একটি বড় অংশ প্লাস্টিক উৎপাদন কমানোর পক্ষে থাকলেও, তেল উৎপাদনকারী দেশগুলো শুধু বর্জ্য ব্যবস্থাপনার ওপর জোর দিতে চায়।
কোনো বিষয়ে ঐকমত্য না হওয়ায় এই সংকট তৈরি হয়।
শনিবারের বৈঠকটি ছিল মূলত নতুন প্রধান নির্বাচনের জন্য।
প্রার্থীরা যাতে কূটনীতিকদের সঙ্গে কথা বলার সুযোগ পান, সে জন্য কুয়েতসহ কিছু তেল উৎপাদনকারী দেশ সময় চেয়েছিল।
তবে অ্যান্টিগুয়া ও বার্বুডাসহ অন্য দেশগুলো অভিযোগ করে যে, এই সময় চাওয়া কেবল সময় নষ্ট করার একটি কৌশল।
প্রায় দুই ঘণ্টা কোনো সমাধান না আসায়, শেষ পর্যন্ত ভোটাভুটি হয়।
দুই দফা ভোটের পর সেনেগাল ও পাকিস্তানের প্রার্থীকে হারিয়ে জুলিও করডানো নির্বাচিত হন।