
ভোলা, ১১ জানুয়ারি, ২০২২ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলার লালমোহন উপজেলায় আজ এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় লালমোহন বাজারের মুক্তিযোদ্ধা এভিনিউতে সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। লালমোহন উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও জাতির পিতার অনুপস্থিতিতে স্বাধীনতা পূর্ণতা পায়নি। ১০ জানুয়ারি স্বাধীন দেশে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের মাধ্যমে তা পূর্ণাঙ্গ রুপ লাভ করে। জাতির পিতার নেতৃত্বে আমরা যেমন আমাদের স্বাধীনতা লাভ করেছি, তেমনি তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা নির্মাণের পথে এগিয়ে চলছি। শেখ হাসিনার হাতে দেশ রয়েছে বলে বাংলার মানুষ আজ নিশ্চিন্ত।
উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামী লীগ আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ন আহ্বায়ক মঞ্জু তালুকার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি জাকির পঞ্চায়েত, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক তানজিম হাওলাদার, ছাত্রলীগ আহবায়ক মুর্তজা সজিব।