
বাসস বিদেশ-১
রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্র
পারস্পরিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে রাশিয়ার সাথে কথা বলেছে যুক্তরাষ্ট্র, ইউক্রেন বিষয়ে সতর্ক বার্তা
জনেভা, ১১ জানুয়ারি, ২০২২ (বাসস ডেস্ক) : মার্কিন উপ-পররাষ্ট্র মন্ত্রী ওয়েন্ডি শারমন বলেছেন, তিনি ক্ষেপণাস্ত্র ও সামরিক মহড়া বিষয়ে ছড়িয়ে পড়া উত্তেজনা প্রশোমনে পারস্পরিক পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সোমবার রাশিয়ার সাথে কথা বলেছেন। তবে মস্কো ইউক্রেনে আগ্রাসন চালালে এক্ষেত্রে তাদেরকে বড় ধরনের মাশুল দিতে হবে বলে তিনি ওয়াশিংটনের সতর্ক বার্তা পুনর্ব্যক্ত করেন। খবর এএফপি’র।
রাশিয়ার উপ-পররাষ্ট্র মন্ত্রী সের্গেই রিয়াবকভের সাথে জেনেভায় আলোচনার পর শেরমন সাংবাদিকদের বলেন, ‘যে সব ক্ষেত্রে আমাদের দু’দেশের আদর্শের মিল রয়েছে সে সব ক্ষেত্রে আমরা পারস্পরিক পদক্ষেপ গ্রহণ করতে পারি। এতে আমাদের নিরাপত্তা স্বার্থ বজায় থাকবে এবং কৌশলগত স্থিতিশীলতার উন্নতি ঘটবে।’
শেরমন বলেন, তিনি ক্ষেপণাস্ত্র রাখার বিষয়ে ব্যাপক পরিসরে আরো আলোচনার প্রস্তাব দিয়েছেন। রাশিয়া নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানোর পর তিনি এমন প্রস্তাব দেন। এদিকে রাশিয়া ইউক্রেন সীমান্ত বরাবর তাদের সৈন্য জমায়েত করছে।
তবে তিনি ইউক্রেন ন্যাটোতে যোগদিতে পারবে না এমন নিশ্চয়তার জন্য রাশিয়ার প্রস্তাব নাকচ করে দেন।
তিনি বলেন, ‘ন্যাটোর ওপেন-ডোর পলিসি বন্ধ করার আমরা কাউকে সুযোগ দেব না।’
তিনি ইউক্রেন সীমান্তে জমায়েত করা রাশিয়ার প্রায় এক লাখ সৈন্য ব্যারাকে ফেরত নিতে মস্কোর প্রতি ফের আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেন, এ ক্ষেত্রে রাশিয়া সৈন্য ফেরত না নিয়ে ইউক্রেনে আগ্রাসন চালালে তাদেরকে এর জন্য বড় ধরনের মাশুল দিতে হবে বলে সতর্ক করে দেন তিনি।
বাসস/এমএজেড/১১০৫/জেহক