
বাসস ক্রীড়া-৪
ফুটবল-করোনা
চেলসি গোলরক্ষক মেন্ডি করোনায় আক্রান্ত
লন্ডন, ১০ জানুয়ারি ২০২২ (বাসস) : আফ্রিকান নেশন্স কাপে খেলতে ক্যামেরুনে গিয়ে করোনা পজিটিভ হয়েছেন চেলসির সেনেগালিজ গোলরক্ষক এডুয়ার্ডো মেন্ডি।
জিম্বাবুয়ের বিপক্ষে আফ্রিকান নেশন্স কাপের প্রথম ম্যাচের ৪৮ ঘন্টা আগে শনিবার করোনা পরীক্ষায় মেন্ডি ছাড়াও দলীয় অধিনায়ক কালিড কোলিবেলি ও স্ট্রাইকার ফামারা ডিয়েহু পজিটিভ হয়েছেন বলে সেনেগাল ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে। এই তিন খেলোয়াড়ই সোমবারের ম্যাচ থেকে ছিটকে পড়েছেন।
আফ্রিকান নেশন্স কাপে অন্যতম ফেবারিট সেনেগাল বুধবার ক্যামেরুনের উদ্দেশ্যে রওয়ানা দেবার আগেই তিন খেলোয়াড় ও ছয় সাপোর্ট স্টাফের করোনায় আক্রান্তের তথ্য নিশ্চিত করেছিল। মেন্ডির করোনা পজিটিভের খবরে তারকা ফরোয়ার্ড সাদিও মানেকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কারন এই দুজন একসাথেই ব্রিটেন থেকে ডাকারের উদ্দ্যেশে রওয়ানা হয়েছিলেন। চার্টার্ড প্লেনটির ভিতরে তোলা একটি ছবিতে দেখা গেছে দুজন খুব কাছাকাছি বসে আছেন এবং কেউই মাস্ক পরিধান করেননি। তবে ম্যাচের আগে করা পরীক্ষায় মানের ফলাফল পজিটিভ আসেনি।
২০২১ সালের শুরুতে আফ্রিকান নেশন্স কাপ অনুষ্ঠিত হবার কথা থাকলেও করোনা মহামারীর কারনে তা স্থগিত হয়ে যায়। এক বছর পিছিয়ে গতকাল থেকে তার শুরু হলেও নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের ঝুঁকিতে দলগুলো রয়েই যাচ্ছে। স্বাগতিক ক্যামেরুনের পক্ষ থেকে জানানো হয়েছে টুর্নামেন্ট অংশ নেয়া দলগুলোর মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা আরো বাড়বে। ইতোমধ্যেই প্রথম ম্যাচে বুরকিনা ফাসোর পাঁচজন খেলোয়াড় কোভিড পজিটিভ হওয়ায় খেলতে পারেননি। গ্যাবনের অভিজ্ঞ ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং গতকাল করোনায় আক্রান্ত হয়েছেন।
বাসস/নীহা/১৫০০/স্বব