বাসস
  ১০ জানুয়ারি ২০২২, ১৫:০৬

বাসস ক্রীড়া-১ : ফরেস্টের কাছে হেরে  আর্সেনালের বিদায়, চতুর্থ রাউন্ড নিশ্চিত করলো টটেনহ্যাম, লিভারপুল

বাসস ক্রীড়া-১
ফুটবল-এফএ কাপ
ফরেস্টের কাছে হেরে  আর্সেনালের বিদায়, চতুর্থ রাউন্ড নিশ্চিত করলো টটেনহ্যাম, লিভারপুল
লন্ডন, ১০ জানুয়ারি ২০২২ (বাসস) : এফএ কাপ থেকে বিদায় নিয়েছে ১৪ বারের বিজয়ী আর্সেনাল। রোববার নটিংহ্যাম ফরেস্টের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিদায় নিশ্চিত হয় গানারদের। এদিকে লোয়ার লিগের প্রতিপক্ষদের বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় পেয়ে  চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে টটেনহ্যাম ও লিভারপুল।
টটেনহ্যাম ৩-১ গোলে মোরকাম্বেকে এবং লিভারপুল পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে শ্রসবেরি টাউনকে। কাল তৃতীয় রাউন্ডের ৯টি ম্যাচের মধ্যে শুধুমাত্র একটি ম্যাচে প্রিমিয়ার লিগের দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ওয়েস্ট হ্যাম ২-০ গোলে লিডসকে পরাজিত করেছে। উল্ফস ৩-০ গোলে শেফিল্ড ইউনাইটেডকে পরাজিত করে পরের রাউন্ড নিশ্চিত করেছে। 
নটিংহ্যামশায়ারের সিটি গ্রাউন্ডে ৮৩ মিনিটে রায়ান ইয়েটেসের দুর্দান্ত ক্রসে লুইস গ্রাবান জয়সূচক গোলটি করেন। পুরো ম্যাচেই আর্সেনালকে চোখে পড়েনি। পরের রাউন্ডে নটিংহ্যামের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন লিস্টার সিটি। 
এই পরাজয়ে গানার্স কোচ মিকেল আর্তেতার সামনে এখন শুধুমাত্র প্রিমিয়ার লিগের স্বপ্ন টিকে থাকলো। ম্যাচ শেষে আর্তেতা বলেছেন, ‘আমি কোন ব্যাখ্যা দিতে চাই না। পুরো দলের কাছ থেকে আরো বেশী প্রত্যাশা করেছিলাম। কিন্তু স্বাভাবিক খেলতে না পারলে পরাজয় নিশ্চিত। আজ আরো একটি বিষয় নিশ্চিত হয়েছে ঘরের বাইরে এখনো আমরা স্বাচ্ছন্দ্য বোধ করিনা  না। ফরেস্টের বিপক্ষে জেতার জন্য কোন কিছুই আজ আমরা করে দেখাতে পারিনি। দলের সমন্বিত প্রচেষ্টার অভাব ছিল।’
কিন্তু উচ্ছসিত ফরেস্ট বস স্টিভ কুপার বলেছেন যোগ্য দল হিসেবেই অপ্রত্যাশিত এই জয়টা এসেছে। কুপার বলেন, ‘আমি সত্যিই ছেলেদের নিয়ে গর্বিত। তাদের পারফরমেন্সে আমি দারুন খুশী। এভাবে এগিয়ে যাবার আনন্দই আলাদা। আশা করছি খেলোয়াড়রা এখন নিজেদের উপর আরো বেশী আত্মবিশ্বাসী হবে।’
এর আগে লিগ ওয়ানের প্রতিপক্ষ মোরকাম্বের বিপক্ষে নিজেদের মাঠে প্রথমার্ধেই পিছিয়ে পড়েছিল টটেনহ্যাম। ৩৩ মিনিটে কর্ণার থেকে অধিনায়ক এন্থনি ডিন ও’কনরের গোলে এগিয়ে যায় মোরকাম্বে। ম্যাচ শেষের ২০ মিনিট আগে ধুকতে থাকা টটেনহ্যামকে ম্যাচে ফেরানোর তাগিদে বদলী বেঞ্চ থেকে কোচ এন্টোনিও কন্টে মাঠে নামান মৌরা ও কেনকে। আর তাতেই ম্যাচের মোড় ঘুড়ে যায়। ৭৪ মিনিটে হ্যারি উইঙ্কস সমতা ফেরানোর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি স্পার্সদের। বদলী খেলোয়াড় লুকাস মৌরা ও হ্যারি কেনের শেষ পাঁচ মিনিটের দুই গোলে টটেনহ্যামের ৩-১ গোলের জয় নিশ্চিত হয়। করোনা পজিটিভ হওয়ায় কাল মাঠে উপস্থিত ছিলেন না মোরকাম্বের কোচ স্টিফেন রবিনসন। 
করোনা থেকে সুস্থ হয়ে এ্যানফিল্ডে কাল লিভারপুলের ডাগ আউটে ফিরেছেন কোচ জার্গেন ক্লপ। লিগ ওয়ানের দল শ্রসবেরির বিপক্ষে লিভারপুল কাল ইয়ুথ দলের পাঁচজনকে সুযোগ দিয়েছিল। এছাড়া একাডেমীর আরো খেলোয়াড় বেঞ্চে ছিল। করোনার প্রাদুর্ভাবের কারনে গত সপ্তাহে সিনিয়র দলের ট্রেনিং গ্রাউন্ড ৪৮ ঘন্টা বন্ধ ছিল। দলের তিন আফ্রিকান তারকা মোহাম্মদ সালাদ, সাদিও মানে ও নেবি কেইটা আফ্রিকান নেশন্স কাপের জন্য দলের বাইরে রয়েছে। ২৭ মিনিটে নাথানেল ওগবেটার ক্রসে ড্যানিয়েল উডো পোস্টে খুব কাছে থেকে বল জালে জড়ালে এগিয়ে যায় শ্রুশবেরি। কিন্তু ৭ মিনিট পওে ১৭ বছর ৯৬ দিন বয়সী ইংলিশ এ্যাটাকার কেইড গর্ডন রেডসের হয়ে সমতা ফেরান। লিভারপুলের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গর্ডন গোল করার কৃতিত্ব দেখালেন। বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে ফ্যাবিনহো ক্লপের দলকে এগিয়ে দেন। এরপর বদলী খেলোয়াড় রবার্তো ফিরমিনো ও ফাবিনহোর দ্বিতীয় গোলে দ্বিতীয়ার্ধে বড় জয় নিশ্চিত করে লিভারপুল। 
লন্ডন স্টেডিয়ামে ম্যানুয়েল লানজিনি ও জ্যারড বোয়েসের গোলে হ্যামার্সরা ২-০ গোলে লিডসকে পরাজিত করেছে। 
বাসস/নীহা/১৫০০/স্বব