
রোম, ৯ জানুয়ারি, ২০২২ (বাসস) : ফ্রি ট্রান্সফার সুবিধায় জুলাইয়ে মেজর লিগ সকারের ক্লাব টরেন্টো এফসিতে যোগ দিতে যাচ্ছেন নাপোলির তারকা স্ট্রাইকার লোরেঞ্জো ইনসিগনে।
একটি সূত্র মতে জানা গেছে এমএলএস’র রেকর্ড চুক্তি ১৫ মিলিয়ন মার্কিন ডলারে ইনসিগনেকে দলে ভেড়াচ্ছে টরেন্টো। এর ফলে এলএ গ্যালাক্সিতে ৭.২ মিলিয়ন ডলারে চুক্তিভূক্ত হওয়া জøাটানা ইব্রাহিমোভিচকে ছাড়িয়ে গেলেন ইনসিগনে।
৩০ বছর বয়সী এই ইতালিয়ান ইউরো ২০২ বিজয়ী আজ্জুরি দলের অন্যতম সদস্য ছিলেন। জুলাইয়ে ইউরোর ফাইনালে পেনাল্টিতে ইংল্যান্ডকে পরাজিত করে শিরোপা জিতেছিল ইতালি।
লোরেঞ্জোকে দলে পেয়ে উচ্ছসিত টরেন্টোর সভাপতি বিল ম্যানিং বলেছেন, ‘এটা ক্লাবের জন্য একটি ঐতিহাসিক দিন। লোরেঞ্জো একজন বিশ্বমানের এ্যাটাকিং খেলোয়াড়। ইতালির হয়ে সে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন দলে ছিল। ক্লাব ক্যারিয়ারে নাপোলির হয়ে অনেক বড় মঞ্চে সে নিজেকে প্রতিনিধিত্ব করেছে।’
মৌসুম পূর্ববর্তী চুক্তিতে ইতোমধ্যেই স্বাক্ষর করেছেন ইনসিগনে। সিরি-এ মৌসুম শেষ করার পর জুলাইয়ে চার বছরের চুক্তিতে তিনি টরেন্টোতে যোগ দিবেন। মাত্র ১৫ বছর বয়সে ইনসিগনে নাপোলিতে যোগ দিয়েছিলেন। ক্যারিয়ারের পুরোটা সময় নাপোলিতে কাটানো ইনসিগনে ইতালিয়ান জায়ান্টদের জয়ে ৪১৬ ম্যাচে করেছেন ১১৪ গোল। ২০১৯ সাল থেকে তিনি নাপোলির অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
এছাড়া ইতালির জার্সি গায়ে তিনি ৫৩ ম্যাচে করেছেন ১০ গোল।
এএলএস’র নতুন মৌসুম আগামী মাসে শুরু হবে।