বাসস
  ০৯ জানুয়ারি ২০২২, ১৬:০০

বাসস ক্রীড়া-৩ : দুই রাউন্ডে দর্শকসংখ্যা ৫ হাজারে নামিয়ে আনলো সিরি-এ

বাসস ক্রীড়া-৩
ফুটবল-সিরি-এ
দুই রাউন্ডে দর্শকসংখ্যা ৫ হাজারে নামিয়ে আনলো সিরি-এ
তুরিন, ৮ জানুয়ারি, ২০২২ (বাসস) : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আগামী দুই রাউন্ডে প্রতিটি স্টেডিয়ামে দর্শক সংখ্যা ৫ হাজারে কমিয়ে আনা হয়েছে। সিরি-এ লিগে অংশ নেয়া ২০টি ক্লাবই এই সিদ্ধান্ত মেনে নিয়েছে।
ইতালিয়ান সরকার যদিও এই সংখ্যা ৫০ শতাংশে কমিয়ে আনার সিদ্ধান্ত দিয়েছিল। কিন্তু লিগ কর্তৃপক্ষ তার থেকেও দর্শক প্রবেশের সংখ্যা আরো কমিয়ে দিয়েছে। আগামী ১৫-১৭ ও ২১-২৩ সিরি-এ লিগের পরবর্তী দুই রাউন্ড অনুষ্ঠিত হবে।
বুধবার ইতালিয়ান সুপার কাপে মিলানের সান সিরোতে ইন্টার মিলান ও জুভেন্টাসের মধ্যকার ম্যাচে হয়ত ৫০ শতাংশ দর্শকই মাঠে প্রবেশের অনুমতি পাবে।
বোলোনিয়া, তোরিনো, সালেরনিটানা ও উদিনেসে করোনা বেড়ে যাওয়ায় সেখানকার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ চারটি ম্যাচ স্থগিত করেছে। ফিওরেন্টিনার বিপক্ষে তোরিনোর ম্যাচটিও স্থগিত হবার শঙ্কা দেখা দিয়েছে। এ পর্যন্ত সিরি-এ লিগের খেলোয়াড় ও কর্মকর্তা মিলিয়ে প্রায় ১০০জন পজিটিভ হবার তথ্য পাওয়া গেছে।
স্টেডিয়ামে প্রবেশকারী প্রতিটি দর্শককে অবশ্যই এফএফপি২ মাস্ক পরিধান করতে হবে।
বাসস/নীহা/১৫৪২/স্বব