বাসস
  ০৯ জানুয়ারি ২০২২, ১৫:৪৫

বাসস ক্রীড়া-১ : বেনজেমা, ভিনিসিয়াসের জোড়া গোলে মাদ্রিদের বড় জয়, বার্সেলোনাকে রুখে দিল গ্রানাডা

বাসস ক্রীড়া-১
ফুটবল-লা লিগা
বেনজেমা, ভিনিসিয়াসের জোড়া গোলে মাদ্রিদের বড় জয়, বার্সেলোনাকে রুখে দিল গ্রানাডা
মাদ্রিদ, ৯ জানুয়ারি, ২০২২ (বাসস) : করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগায় বড় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এর মাধ্যমে রিয়ালের হয়ে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ফরাসি তারকা বেনজেমা।
সান্তিয়াগো বার্নাব্যুতে এই জয়ের ফলে রিয়াল দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার থেকে আট পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান আরো শক্তিশালী করেছে। যদিও সেভিয়ার হাতে এখনো দুই ম্যাচ বেশী রয়েছে।
৪৩ মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেবার পাশাপাশি বেনজেমা ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেন। ৫২ মিনিটে পাঁচজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বেনজেমার সাথে বল আদান প্রদান করে ভিনিসিয়াস ব্যবধান দ্বিগুন করেন। ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালকে আরো এগিয়ে দেন ২১ বছর বয়সী ব্রাজিলিয়ান তরুন ভিনিসিয়াস। ম্যাচের শেষের দিকে বেনজেমা দলের হয়ে চতুর্থ গোল করলে বড় জয় নিশ্চিত হয় মাদ্রিদের। মাঝে ৭৬ মিনিটে গন্সালো গুয়েডেস ভ্যালেন্সিয়ার হয়ে এক গোল পরিশোধ করেন।
এনিয়ে বেনজেমনা এবারের মৌসুমে ১৭ গোল করলেন, অন্যদিকে ভিনিসিয়াস করেছেন ১২ গোল। এই দুজন মিলে এবার এখনো পর্যন্ত যে ২৯ গোল করেছেন তা লিগের ১৩টি দলের নিজস্ব গোলের থেকে বেশী। এর মধ্যে চতুর্থ স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদও ২০ ম্যাচে এ পর্যন্ত করেছে মাত্র ২২ গোল।
ম্যাচ শেষে বেনজেমা বলেছেন, ‘ভিনিসিয়াসের সাথে খেলতে আমি দারুন স্বাচ্ছন্দ্য বোধ করি। সব ম্যাচেই আমি তাকে সহযোগিতা করতে চাই। আমি জানি তার মধ্যে অনেক সম্ভাবনা আছে। একদিন সে নিজেকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। আমাদের দলের একজন দুর্দান্ত খেলোয়াড় হিসেবে ইতোমধ্যেই সে নিজেকে প্রমান করেছে।’
রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ৫৮৪ ম্যাচে বেনজেমা গোলের ত্রিপল সেঞ্চুরি  করলেন। ক্লাবের ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে বেনজেমা এই কৃতিত্ব দেখালেন। এর আগে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, রাউল ও আলফ্রেডো ডি স্টিফানো এই কৃতিত্ব অর্জণ করেছিলেন।
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ বুধবার স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে একে অপরের মোকাবেলা করবে। কিন্তু দুর্দান্ত ছন্দে থাকা মাদ্রিদকে মোকাবেলা করার আগে বার্সেলোনার নিজেদের শতভাগ প্রস্তুতি প্রয়োজন রয়েছে। কাল তারা নতুন করে গ্রানাডার সাথে পয়েন্ট হারিয়েছে। ৫৭ মিনিটে লুক ডি জংয়ের গোলে এগিয়ে গিয়েও ম্যাচের একেবারে শেষ মিনিটে গোল হজম করে ১-১ গোলের ড্র নিয়েই জাভির দলকে সন্তুষ্ট থাকতে হয়েছে। এই ড্রয়ে লা লিগার শীর্ষ চারের লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখার পথে আরো একবার বাঁধা পেল বার্সা। এ্যাথলেটিকো মাদ্রিদের সাথে সমান ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে বার্সেলোনা। সেল্টা ভিগোকে ঘরের মাঠে ১-০ গোলে পরাজিত করে বার্সা ও এ্যাথলেটিকোর থেকে এক পয়েন্ট এগিয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে রিয়াল সোসিয়েদাদ।
প্রথমার্ধ গোলশুন্য থাকার পর লস কারমেনেসে ডাচ অভিজ্ঞ এ্যাটাকার ডি জংয়ের গোলে এগিয়ে গিয়েছিল সফরকারী বার্সা। ৩৮ বছর বয়সী ডানি আলভেসের ক্রসে ডি জং বল জালে জড়ান। ২০১৬ সালের মে মাসের পর এটাই আলভেসের প্রথম কোন লা লিগা ম্যাচে মূল একাদশে খেলা। কিন্তু ৮৯ মিনিটে এন্টোনিও পুয়েরটাসের গোলে সমতায় ফিরে গ্রানাডা। এর ১০ মিনিট আগে বার্সেলোনার ১৭ বছর বয়সী গাভি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠত্যাগে বাধ্য হন।
ম্যাচ শেষে জাভি হার্নান্দেজ বলেছেন, ‘প্রতিপক্ষের এরিয়ায় বল নিয়ন্ত্রনে রাখতে আমাদের আরো ধৈর্য্যশীল হওয়া উচিৎ ছিল। কিন্তু আমরা এমন কিছু ভুল করেছি তা ক্ষমার অযোগ্য।’
গাভির লাল কার্ডে শেষ ১০ মিনিট গ্রানাডার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠে। একজন বেশী থাকার সুবিধা পুরোপুরি কাজে লাগিয়ে তারা বার্সার ওপর চেপে বসে। অক্টোবরের পর থেকে মাত্র একটি ম্যাচে এক গোলের বেশী ব্যবধানে জিতেছে বার্সেলোনা।  
বাসস/নীহা/১৫৩৫/স্বব