বাসস
  ০৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৮:৩৩

মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটি’র মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২২ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটি’র মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত করেছে সরকার।
জাতীয় বাস্তবায়ন কমিটির বিভিন্ন প্রকাশনা মুদ্রণের কাজ সম্পন্ন, বিভিন্ন অনুষ্ঠান আয়োজন এবং জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ের বিভিন্ন দাপ্তরিক কার্যাদি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করে।
এর আগে মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে গৃহীত কর্মসূচি কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে নির্ধারিত সময়ে যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব না হওয়ায় মুজিববর্ষের সময়কাল ১৬ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত বর্ধিত করা হয়েছিল।