বাসস
  ০৬ জানুয়ারি ২০২২, ১৭:৩৫

বাসস ক্রীড়া-১০ : মাউন্ট মঙ্গানুয়ে ঐতিহাসিক জয়ের পর ক্রাইস্টচার্চে বাংলাদেশ দল

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-বাংলাদেশ
মাউন্ট মঙ্গানুয়ে ঐতিহাসিক জয়ের পর ক্রাইস্টচার্চে বাংলাদেশ দল
ক্রাইস্টচার্চ, ৬ জানুয়ারি, ২০২২ (বাসস) : নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।
আজ সকালে ক্রাইস্টচার্চে পৌঁছায় বাংলাদেশ দল। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন দলের কন্ডিশনিং কোচ নিক লি। মাউন্ট মঙ্গানুই থেকে চার্টার্ড বিমানে  ক্রাইস্টচার্চের পথে উড়াল দেয় মোমিনুল-মুশফিকরা। মাউন্ট মঙ্গানুইয়ে হোটেল ছাড়ার আগে মানসিক ও শারীরিকভাবে চাঙা থাকতে জিমে কিছু সময় ব্যয় করে টাইগাররা।
এ ব্যাপারে নিক লি বলেন, ‘বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে পৌঁছেছে। প্রথম ম্যাচে জয় পেয়ে  দারুন আত্মবিশ্বাসী দল। ক্রাইস্টচার্চের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে আমরা জিমে কিছু সময় ব্যয় করেছি। আগামী দুই দিন আমরা ফিটনেস নিয়ে আরও কাজ করবো যেন ইনজুরির সমস্যা এড়ানো যায়। পরের টেস্টের জন্য সকলকে ভালোভাবে প্রস্তুত করা যায় সে দিকেও খেয়াল রাখা হবে।’
মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্ট ৮ উইকেটে জিতে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম কোন ম্যাচ জয়ের স্বাদ নেয় টাইগাররা।
এবার ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ। এই টেস্ট জয় বা ড্র করলেই প্রথমবারের মত নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতবে টাইগাররা।
২০১৯ সালে এই ক্রাইস্টচার্চেই একটি মসজিদে সন্ত্রাসী হামলার পর সফরটি স্থগিত করে দেশে ফিরেছিলো বাংলাদেশ দল।
বাসস/এএমটি/১৭৩৫/স্বব