বাসস
  ০৫ জানুয়ারি ২০২২, ১৯:৪৬

বাসস ক্রীড়া-২৫ : নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয়ে ক্রিকেটারদের বাড়তি বোনাস দেবে বিসিবি

বাসস ক্রীড়া-২৫
ক্রিকেট-বিসিবি- বোনাস
নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয়ে ক্রিকেটারদের বাড়তি বোনাস দেবে বিসিবি
ঢাকা, ৫ জানুয়ারি ২০২১ (বাসস): নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে ক্রিকেটারদের বাড়তি বোনাস দেয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাধারণত যে কোন ম্যাচ জয়ে বোনাস পায় ক্রিকেটাররা। কিন্তু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অসাধারণ এই জয়ের কারণে তাদের অতিরিক্ত বোনাস দেয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স এর চেয়ারম্যান জালাল ইউনুস।
নিউজিল্যান্ডের মাটিতে ৩৩ বারের প্রচেস্টায় প্রথম জয়লাভ করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে টাইগাররা। এই জয়ের মাধ্যমে ঘরের মাঠে কিউইদের টানা ১৭ ম্যাচে অপরাজিত থাকার ধারাবাহিকতাকেও রুখে দিয়েছে মোমিনুল হকের দল।
ইউনুস বলেন,‘স্মরনীয় এই জয়ের পর আমাদের সভাপতি ক্রিকেটার ও ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন। এই জয়ের জন্য তারা বোনাস পাবে। এটি একটি প্রচলিত নিয়ম। তবে তাদের বাড়তি বোনাস প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিবে বোর্ড।’
১৬ বারের প্রচেস্টায় নিউজিল্যান্ডের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়ে স্বাগতিক দলকে প্রথম ইনিংসে ৩২৮ রানে আটকে দেয় টাইগাররা। পরে নিজেদের প্রথম ইনিংসে ৪৫৮ রান সংগ্রহের মাধ্যমে ১৩০ রানের লিড নেয় মোমিনুলের দল। পরের ইনিংসে টাইগার  পেসার এবাদত হোসেন ৪৬ রানে ৬ উইকেট  নিয়ে  ধ্বসিয়ে দেয় কিউইদের। ১৬৯ রানে থেমে যায় কিউইদের দ্বিতীয় ইনিংস। বাংলাদেশী কোন পেসারের এটি দ্বিতীয় সেরা সাফল্য। এর আগে শাহাদাত হোসেন রাজিব ২০০৮ সালে দক্ষিন আফ্রিকার বিপক্ষে ২৭ রানে ৬ উইকেট দখল করেছিলেন।
ফলে ম্যাচ জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সামনে ৪০ রানের মামুলি টার্গেট দাঁড় করায় নিউজিল্যান্ড। টাইগাররা সুযোগটি বেশ ভালভাবেই কাজে লাগায়।
এশিয়ার বাইরে বড় কোন দলের বিপক্ষেও এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। ২০০৯ সালে তারা ওয়েস্টইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছিল বটে, কিন্তু ক্যারিবীয় দলটি ছিল দ্বিতীয় সারির। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বিদেশের মাটিতে বাংলাদেশ সফলতা পেয়েছে শুধুমাত্র শ্রিলংকার বিপক্ষে।
এমন এক সময় এই জয়টি আসল, যখন বাংলাদেশের ক্রিকেটের মনোবল একেবারেই তলানিতে নেমে গেছে। বিগত কয়েক বছর যাবৎ ঘরে- বাইরে সবখানেই নিয়মিত ভাবে টেস্টে ব্যর্থ হয়ে ফিরছিল টাইগাররা। সর্বশেষ টি-২০ বিশ্বকাপেও চরমভাবে ব্যর্থ হয়ে এসেছে বাংলাদেশ দল।
কিছু সিনিয়র খেলোয়াড়ের অহংকার, বোর্ড ও সিনিয় খেলোয়াড়ের মধ্যে মাঠের বাইরের বিভিন্ন ভুল বুঝাবুঝি গত বছর বাংলাদেশের ক্রিকেটকে একেবারেই কোনঠাসা করে ফেলেছিল।
জালাল ইউনুস মনে করেন কঠিন সময় পেরিয়ে এই জয়টি বাংলাদেশ দলকে সতেজ নিশ্বাস নিতে সহায়তা করবে। তিনি বলেন,‘ নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে জয় পাওয়াটা বিশাল এক অর্জন। আমাদের ক্রিকেট দারুন সংকটের মুখে পড়ে গিয়েছিল। টি-২০ বিশ্বকাপে আমরা ব্যর্থ হয়েছি। এরপর নিজেদের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও ব্যর্থতার পরিচয় দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। তাই এই জয়টি বিশাল এক অর্জন। এর কৃতিত্ব আমি খেলোয়াড় ও টিম মেনেজমেন্টকে দিতে চাই।’
বাসস/এসএমপি/এমএইচসি/১৯৪০/-স্বব