
চট্টগ্রাম, ৫ জানুয়ারি, ২০২১ (বাসস) : চট্টগ্রামের হাটহাজারীর শিকারপুরের ইডেন ইংলিশ স্কুল মাঠে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ইডেন ইংলিশ স্কুল ২য় দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
আজ চট্টগ্রাম সিনিয়রস্ ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিবারের মত এ বছরও ইডেন ইংলিশ স্কুল ব্যাডমিন্টন পরিচালনা কমিটি আয়োজন করছে ২য় দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২। টুর্নামেন্ট প্রফেশনাল, নন-প্রফেশনাল ও প্রবীণ (৪৫ বছর উর্ধ্বে)- এই তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের প্রাইজমানি রাখা হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা। তন্মধ্যে প্রফেশনাল ক্যাটাগরির চ্যাম্পিয়নরা পাবেন ৫০ হাজার, রানার আপ ৩০ হাজার টাকা। অন্যদিকে নন-প্রফেশনাল ক্যাটাগরিতে চ্যাম্পিয়নরা পাবেন ৩০ হাজার, রানার আপ ২০ হাজার টাকা। প্রবীণ ক্যাটাগরিতে চ্যাম্পিয়নরা ২৫ হাজার, রানার আপ ১৫ হাজার টাকা করে পাবেন।
শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা-উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইডেন ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. খালেদ মাহমুদ।
সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম বলেন, ২০২০ সালের টুর্নামেন্টের প্রথম আসরের আয়োজন করেছি। প্রথম আসরেই আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি।
ইডেন ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. খালেদ মাহমুদ বলেন, শারীরিক সুস্থতা ও স্বতঃস্ফুর্ততার জন্য খেলাধুলা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই। সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা মো. নাজিম, শিকারপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল খালেক, মো. হানিফ জাবেদ, জুবায়ের মনির মনিরুজ্জমান, মহিউদ্দীন, ইসমাঈল, ফাইয়াজ ইমতিয়াজ, আলী আকবর ফয়সাল, এনামুল হক, আইয়ুব আলী বাবলু, জাবেদ হোসেন বাদল, জাহেদ জলিল বাবু প্রমুখ।