বাসস
  ০৫ জানুয়ারি ২০২২, ১৭:১৪

বাসস দেশ-২৫ : জেএসসি (ভোকেশনাল) কোর্স চালু করতে ৩২টি টেকনিক্যাল স্কুলকে নির্বাচন 

বাসস দেশ-২৫
ভোকেশনাল-পাইলটিং
জেএসসি (ভোকেশনাল) কোর্স চালু করতে ৩২টি টেকনিক্যাল স্কুলকে নির্বাচন 
ঢাকা, ৫ জানুয়ারি, ২০২২ (বাসস): বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জেএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম কোর্স চালু করতে পাইলটিংয়ের জন্য ইঊসেপ-বাংলাদেশ পরিচালিত ৩২টি টেকনিক্যাল স্কুলকে নির্বাচন করা হয়েছে।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও ইউসেপ-বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানে গৃহীত কার্যক্রমসমূহে সহযোগিতার লক্ষ্যে এই সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।  
অনুষ্ঠানে কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষে বোর্ডের চেয়ারম্যান মোঃ আলী আকবর খান এবং ইউসেপের পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃ আব্দুল করিম চুক্তিতে স্বাক্ষর করেন।
চলতি শিক্ষাবর্ষ থেকে ইঊসেপ-বাংলাদেশ নিজেদের প্রণীত শিক্ষাক্রমের পরিবর্তে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষাক্রম অনুসরণ করে তাদের ভোকেশনাল শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে।  
সমঝোতা অনুযায়ী ২০২২ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণিতে কারিগরি ধারায় শিক্ষার্থী ভর্তি করা হবে। 
নির্বাচিত প্রতিষ্ঠানগুলো এর আগে সাধারণ ধারার বিদ্যালয় হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালিত করেছে। সুবিধাবঞ্চিত শিশু, কিশোর, যুবাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইউসেপ পরিচালিত এসব বিদ্যালয়গুলোকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়েছে।
এছাড়াও শিক্ষক প্রশিক্ষণ, সরকার অনুমোদিত জাতীয় যোগ্যতা কাঠামো বাস্তবায়ন, শিক্ষা উপকরণ উন্নয়নসহ কারিগরি শিক্ষা সম্প্রসারণে উভয় পক্ষ সহযোগিতার  ভিত্তিতে কাজ করতে সম্মত হয়।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
 বাসস/সবি/এসএস/১৭১৫/কেকে