
বাসস ক্রীড়া-৭
ফুটবল-করোনা
বায়ার্নের করোনা আক্রান্তের তালিকা দীর্ঘ হচ্ছে
মিউনিখ, ৫ জানুয়ারি ২০২২ (বাসস) : জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের করোনায় আক্রান্ত খেলোয়াড়ের তালিকা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। নতুন করে লেরয় সানে ও ডায়ট উপামেকানোর করোনায় আক্রান্তের তথ্য ক্লাবে পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এর ফলে শুক্রবার বুন্দেসলিগায় বরুসিয়া মোয়েচেনগ্ল্যাডবাখের বিপক্ষে ম্যাচটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বেভারিয়ান্সদের এক বিবৃবিতে বলা হয়েছে উভয় খেলোয়াড়ই সুস্থ আছেন এবং বাড়িতে আইসোলেশনে আছেন। মৃদু উপস্বর্গ দেখা দেয়ায় এই দুজনের সাথে তরুন ডিফেন্ডার জোসিপ স্টানিসিচকেও পরীক্ষা করা হয়। তবে স্টানিসিচ নেগেটিভ হয়ে অনুশীলনের অনুমতি পেয়েছেন। কোভিডের কারনে এনিয়ে আটজন খেলোয়াড় সাইডলাইনে চলে গেলেন।
শীতকালীণ ছুটি কাটিয়ে ক্লাবে ফেরার পর অধিনায়ক ম্যানুয়েল নয়্যার, কিংসলে কোম্যান, ক্রোয়েনটিন টোলিসো, ওমর রিচার্ডস, লুকাস হার্নান্দেজ ও টানগাই নিয়ানজু করোনায় আক্রান্ত হয়েছেন।
ডিসেম্বরে বায়ার্নের পক্ষ থেকে বলা হয়েছিল জার্মান মিডফিল্ডার জসুয়া কিমিচের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফুসফুস ক্ষতিগ্রস্থ হওয়ায় চার মাসের জন্য দলের বাইরে চলে গেছেন।
এদিকে আফ্রিকান নেশন্স কাপে অংশ নেবার কারনে এরিক ম্যাক্সিম ছুপো-মোটিং ও ডিফেন্ডার বুনা সারও দলের বাইরে রয়েছেন।
একটি দলে অন্তত ১৫ জন খেলোয়াড় না থাকলে জার্মান ফুটবল লিগ সেই ম্যাচ স্থগিতের অনুমতি দিতে পারে। বায়ার্নে এখনো সেই ধরনের কোন পরিস্থিতি হয়নি।
ডর্টমুন্ডের থেকে ৯ পয়েন্ট এগিয়ে বুন্দেসলিগা টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন। ঘরের মাঠ আলিয়াঁজ এরিনাতে শুক্রবার মোয়েচেনগ্ল্যাডবাখকে আতিথ্য দেবার মাধ্যমে দুই সপ্তাহের শীতকালীন বিরতি কাটিয়ে পুনরায় লিগ শুরু করতে যাচ্ছে বেভারিয়ান্স জায়ান্টরা। করোনা মহামারীর কারনে ম্যাচটি দর্শকশুন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাসস/নীহা/১৫৩৪/স্বব