
বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-
বিদেশের মাটিতে জয়ের বীজ বুনতে চান এবাদত
মাউন্ট মঙ্গানুই, ৪ জানুয়ারি ২০২২ (বাসস) : পেসার এবাদত হোসেনের বোলিং নৈপুন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের স্বপ্ন দেখছে সফরকারী বাংলাদেশ। শেষ বিকেলে বল হাতে জ¦লে উঠেন এবাদত। মাত্র ৭ বলের ব্যবধানে ৩ উইকেট তুলে নেন তিনি। এতেই ১৩৬ রানে নিউজিল্যান্ডের পঞ্চম উইকেট তুলে নেয় বাংলাদেশ।
চতুর্থ দিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে মাত্র ১৭ রানে এগিয়ে নিউজিল্যান্ড। ম্যাচের পঞ্চম ও শেষ দিনে নিউজিল্যান্ডের বাকী ৫ উইকেট তুলে নিয়ে ছোট টার্গেট রেখে জয়ের পেছনে ছোটাই এখন লক্ষ্য বাংলাদেশের। নিউজিল্যান্ডের মাটিতে এই টেস্ট দিয়ে বিদেশের মাটিতে জেতার অভ্যাস করতে চায় বাংলাদেশ, এমনটাই জানালেন এ ম্যাচের চতুর্থ দিনের হিরো এবাদত।
দিনের খেলা শেষে আজ এবাদত বলেন, ‘আগের ম্যাচগুলোতে আমরা এতো ভালো করতে পারিনি, কিন্তু কারো না কারো তো ভালো কিছু করে বা ম্যাচ জিতিয়ে শুরুটা করতে হবে। আমরা এই দলটা চাচ্ছি, দেশের বাইরের টেস্টগুলো আমরা জেতা শুরু করবো। আমরা চেষ্টা করব আগামীকাল আমরা যেন দেশকে জিতিয়ে বের হতে পারি।’
বিদেশের মাটিতে বাংলাদেশের জয় মাত্র ৫ ম্যাচ। ২টি করে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের মাটিতে, ১টি শ্রীলংকার মাটিতে।
দেশের হয়ে ১১তম টেস্ট খেলছেন এবাদত। আর বিদেশের মাটিতে অস্টম টেস্ট তার। দেশের মাটিতে ৩ ও বিদেশের মাটিতে ১৩ উইকেট নিয়েছেন তিনি। এই টেস্টে নিজের পারফরমেন্স নিয়ে এবাদত বলেন, ‘বিদেশের মাটিতে প্রথম দিন, প্রথম দুই ঘণ্টা সহায়ক থাকে। তারপর কিছুটা ফ্ল্যাট হয়ে যায়। আমরা এখনো শিখছি যে কিভাবে দুই জায়গায় বল করা যায়।’
তিনি আরও বলেন, ‘বল পুরোনো হলে কিভাবে রিভার্স করা যায়। দেশে ও দেশের বাইরে দুই কন্ডিশনেই আমি খেলেছি। দেশে আমাদের উইকেট একটু ব্যাটিং সহায়ক থাকে। ফ্ল্যাট থাকে। সেখানেও আমরা চেষ্টা করছি কিভাবে উইকেট বের করা যায়। আমরা এখনো শিখছি।’
বাসস/এএমটি/১৯০৫/স্বব