
বাসস ক্রীড়া-২
ফুটবল-টটেনহ্যাম
লিগ কাপ সেমিফাইনালের আগে টটেনহ্যামে নতুন করে করোনার হানা
লন্ডন, ৪ জানুয়ারি, ২০২২ (বাসস) : চেলসির বিপক্ষে বুধবার লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগের আগে টটেনহ্যাম ক্লাবে নতুন করে করোনা হানা দিয়েছে। গত মাসে স্পার্সদের প্রথম দলের নয়জন করোনায় আক্রান্ত হলে প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ স্থগিত হয়ে যায়। কিন্তু কোচ এন্টোনিও কন্টে জানিয়েছেন নতুন করে দুটি সম্ভাব্য কেস ক্যাম্পে দেখা দিয়েছে।
ক্লাব তাদের পিসিআর ফলাফলের অপেক্ষায় রয়েছে। ইউরোপীয়ান চ্যামিম্পয়নদের বিপক্ষে মাঠে নামার আগে নতুন কোন পজিটিভ কেসের আশা করছেন না কন্টে। এ সম্পর্কে প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে স্পার্স বস বলেছেন, ‘ক্লাবে নতুন করে দুটি সম্ভাব্য কোভিড কেস দেখা গেছে। আমাদের এই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। এটা শুধুমাত্র টটেনহ্যামের নয়, অন্যান্য সব ক্লাবেরই নিয়মিত চিত্র। আমাদের সবসময়ই সঠিক সমাধান খুঁজে বের করার জন্য প্রস্তুত থাকতে হবে। একটি পরিকল্পনা মাথায় নিয়েই দল গোছানোর কাজ করতে হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ম্যাচের আগে কোন ধরনের পরিকল্পনাই করা যাচ্ছেনা। সবকিছুই নিমেষের মধ্যেই পরিবর্তন হয়ে যাচ্ছে। বিষয়টা মোটেই সহজ নয়। শুধুমাত্র আমি না, সব ম্যানেজারই এমন সমস্যার মুখে পড়ছে।’
করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এ পর্যন্ত গত মাসে প্রিমিয়ার লিগের ১৮টি ম্যাচ স্থগিত হয়ে গেছে। গত সপ্তাহে খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে রেকর্ড ১০৩ জন আক্রান্ত হওয়া সত্তেও ইংলিশ সর্বোচ্চ লিগ চালিয়ে যাবার সিদ্ধান্ত নেয়া হয়। মূলত ক্লাবগুলোর ইচ্ছাতেই লিগ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
লিগ কাপের আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে লিভারপুল ও আর্সেনাল। ২০০৮ সালের পর থেকে টটেনহ্যাম কোন বড় শিরোপা জিততে পারেনি। নভেম্বরে কোচ হিসেবে দায়িত্ব নেবার পর কন্টের অধীনে এই প্রথম কোন শিরোপা জয়ের পথে দারুন ছন্দে রয়েছে স্পার্সরা। যদিও কন্টে মনে করেন তার অধীনে শিরোপা জয়ে আরো কিছুটা সময়ের প্রয়োজন। এ সম্পর্কে তিনি বলেন, ‘একটি ক্লাবের জন্য শিরোপা জেতাটা সবসময়ই গুরুত্বপূর্ণ। এটা খেলোয়াড়দের জন্য যেমন ঠিক তেমনি ম্যানেজারের জন্যও সমান গুরুত্বপয়ূর্ণ। এই মুহূর্তে চেলসি আমাদের থেকে শিরোপা জয়ের জন্য বেশী প্রস্তুত। গত মৌসুমে তারা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে।’
চার বছর আগে চেলসি থেকে বরখাস্তের পর এই প্রথম স্ট্যামফোর্ড ব্রীজে কন্টে ফিরে যাচ্ছেন। ব্লুজদের হয়ে তিনি দুই মৌসুমে প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা জয় করেছেন। কন্টে বলেন, ‘আমার জন্য স্ট্যামফোর্ড ব্রীজে ফেরাটা সত্যিই অসাধারন এক অনুভূতি। চেলসির কোচের দায়িত্ব ছাড়ার পর এই প্রথম আমি লন্ডনের ক্লাবটিতে যাচ্ছি। সেখানে আমি দুটি দুর্দান্ত মৌসুম কাটিয়েছি। ঐ ক্লাবে আমার অনেক বন্ধু রয়েছে। চেলসির কাজ আমি দারুন উপভোগ করেছি। এই সুযোগে আমি চেলসিকে ধন্যবাদ জানাতে চাই। কারন তাদের জন্যই আমার ইংল্যান্ডে কাজ করার সুযোগ হয়েছে। চেলসির কাজটাই আমার ইংল্যান্ডের ক্যারিয়ারের প্রথম অভিজ্ঞতা।’
বাসস/নীহা/১৩১৫/স্বব