বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৬

বিএমইউতে লিভার ও থাইরয়েড ক্যান্সার নির্ণয়ক মেশিন উদ্বোধন

ছবি : বাসস

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) নিনমাসে উদ্বোধন করা হয়েছে দেশের প্রথম লিভারের চর্বির পরিমাপক, লিভারের ক্যান্সার ও থাইরয়েড ক্যান্সার নির্ণয়ক রেজোনা এ২০ আল্ট্রা হাই রেজুলিউশন মেশিন। 

আজ মঙ্গলবার নিনমাসের রিসার্চ সেল এবং আল্ট্রাসাউন্ড ও কালার ডপলার ডিভিশন আয়োজনে কামাল উদ্দিন আহমেদ অডিটরিয়ামে বিয়ন্ড কনভেনশনাল আল্ট্রাসাউন্ড: ইলাসটোস্ক্যান এন্ড ফ্যাট কোয়ানটিফিকেশনাল উয়িথ হাই রেজুলেশন আলাট্রাসাউন্ড বিষয়ে এক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। 

সেমিনারে সভাপতি ছিলেন নিনমাসের পরিচালক এবং বাংলাদেশ থাইরয়েড সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী। 

তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৩৩ শতাংশ মানুষ ফ্যাটি লিভার বা লিভারের চর্বিজনিত সমস্যা রোগে ভুগছেন। তাছাড়া প্রায় ১৬ শতাংশ মানুষ ক্রনিক লিভার ডিজিজ এবং লিভার ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং ২ শতাংশ মানুষ থাউরয়েড ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশে প্রথমবারের মতো রেজোনা এ২০ এর মতো আল্ট্রা হাই রেজোলিউশন মেশিন সরবরাহ করেছে মিনডারি কোম্পানি। 

তিনি বলেন, এই নতুন মেশিনের মাধ্যমে নিনমাসে প্রথমবারের মতো লিভারে চর্বি নির্ণয়ের আধুনিক প্রযুক্তি  ইলাসটোস্ক্যান সংযোজিত হলো। 

দেশের রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈজ্ঞানিক সেমিনারে লিভার ইলাস্টোগ্রাফি’র ওপর বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন অনুপ কুমার কুন্ডু। এছাড়া আল্ট্রা হাই রেজোলিউশন থাইরয়েড ইলাস্টোগ্রাফি এবং ফ্যাট কোয়ান্টিফিকেশন উপর বক্তব্য রাখেন জোহান্না অং।  

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সিন্টিগ্রাফি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।