বাসস
  ১০ জানুয়ারি ২০২২, ১৪:৩৮

বাসস দেশ-১৬ : ককটেল বিস্ফোরণ : বিএনপি’র ১০ নেতাকর্মীর পাঁচ বছরের কারাদন্ড

বাসস দেশ-১৬
বিএনপি কর্মী-জেল
ককটেল বিস্ফোরণ : বিএনপি’র ১০ নেতাকর্মীর পাঁচ বছরের কারাদন্ড
ঢাকা, ১০ জানুয়ারি, ২০২২ (বাসস) : ২০১৩ সালে বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের সময় ভাষানটেক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায়, দলের ১০ নেতাকর্মীকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। 
সোমবার ঢাকার-৯  বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 
রায়ে প্রত্যেক আসামির পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনমাসের বিনাশ্রম কারাভোগের নির্দেশ দেয়া হয়েছে।
অপরদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিএনপি’র ১৪ নেতা কর্মীকে খালাস দিয়েছেন আদালত। 
কারান্ডপ্রাপ্তরা হলেন- সুমন চন্দ্র, জসিম, আমিনুল, সোহেল, কাউছার, জুয়েল,আব্দুর রহমান, শহীদ, মহসিন ও লিটন।
খালাসপ্রাপ্তরা হলেন- ইসমাইল, আজাদ, বকুল হোসেন, নজরুল ইসলাম, নাডু জামান, আব্দুল কালাম, জিলাফি বাচ্চু, বিকু জামান, জলিল ইসলাম, ফিরোজ, শামীম, কালা বাচ্চু, আলদাপ হোসেন ও সিরাজুল ইসলাম। 
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁশলি ওবাদুল হক ও কারিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। 
তারা বলেন, ২০১৩ সালে বিএনপিসহ ১৮ দলের ডাকা হরতাল অবরোধের সময় আসামিরা ভাষানটেক মোড়ে নাশকতা সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটায়। 
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালে ২৬ নভেম্বর বিএনপিসহ ১৮ দলের ডাকা হরতাল অবরোধের সময় আসামিরা ভাষানটেক মোরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টি করে। 
এ ঘটনায়, ভাষানটেক থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম বাদি হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। ২০১৪ সালের ৩১ মার্চ আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন ভাষানটেক থানার উপ-পরিদর্শক এ বি এম আসাদুজ্জামান। মামলায় বিভিন্ন সময় ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আসামি পক্ষের চারজন আদালতে সাফাই সাক্ষি দিয়েছেন। 
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৪৩৫/কেএটি