শিরোনাম

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : আওয়ামী লীগ আমলের ভিডিও ছড়িয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, ‘বিদ্যুতের দাম সমন্বয়ের কথা বলে অলরেডি ১২ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে। এই সরকার যে একটা ডাকাত সরকার, একটা চোর সরকার, একটা নির্লজ্জ সরকার সেটা কি নতুন করে বলার সুযোগ আছে?’— প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক সম্প্রতি এমন মন্তব্য করেছেন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বিদ্যুতের দাম নিয়ে মো. নুরুল হক সম্প্রতি এমন মন্তব্য করেননি। মূলত, ভিডিওটি ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারির। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার জনগণের পকেট কাটছে বলে তখন মন্তব্য করেছিলেন মো. নুরুল হক।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।