
বাসস দেশ-৪৯
জাপা-নির্বাচন-কমিশন-বৈঠক
নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি
ঢাকা, ১০ জানুয়ারি, ২০২২ (বাসস) : টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনসহ চলমান সকল নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার দাবিতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টির প্রতিনিধি দল।
আজ বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এ টি ইউ তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য নাজমা আখতার এমপি।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবির খন্দকার এবং নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান।
বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সামনে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, মানুষ যেন ভোট দিতে পারে সেই পরিবেশ যেন সৃষ্টি হয় তার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ করেছি। প্রধান নির্বাচন কমিশনার আমাদের আশ^স্ত করেছেন নির্বাচন অবাধ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।
তিনি বলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল এবং ভোটারদের দায়িত্ব আছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন অনেক সময় চাইলেও পারেনা, যদি শাসক দল এবং নির্বাহী বিভাগের কর্মকর্তারা নিরপেক্ষ না হয়। জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করতে একটি আইন করতে সরকারের কাছে দাবি জানানো হয়েছে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের কোন প্রার্থী নেই। দলীয়ভাবে জাতীয় পার্টি কোন প্রার্থীকে সমর্থন দেয়া হয়নি।
বাসস/সবি/এমএআর/২০২১/এসই