শিরোনাম

/বেলাল রিজভী/
মাদারীপুর, ৯ জুন, ২০২৬ (বাসস) : দীর্ঘদিন চাকরির জন্য চেষ্টা করেও কাঙ্খিত সাফল্য না পেয়ে কৃষিকে পেশা হিসেবে বেছে নেন মাদারীপুরের তরুণ শাহান্দার হাওলাদার (৩৫)। ইউটিউব দেখে আধুনিক আমচাষের কৌশল শিখে শুরু করা তার সেই উদ্যোগ এখন সফল বাণিজ্যিক খামারে পরিণত হয়েছে। পাশাপাশি সৃষ্টি হয়েছে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের পূর্ব মাদ্রা গ্রামের বাসিন্দা শাহান্দার হাওলাদার ২০১৫ সালে লেখাপড়া শেষ করার পর চাকরির জন্য বিভিন্ন স্থানে চেষ্টা চালান। কিন্তু দীর্ঘ সময়েও চাকরি না পাওয়ায় তিনি বিকল্প পথ খুঁজতে থাকেন। এক পর্যায়ে ইউটিউবে আধুনিক কৃষি ও আমচাষ বিষয়ক ভিডিও দেখে অনুপ্রাণিত হন এবং বাণিজ্যিকভাবে আমচাষ শুরু করার সিদ্ধান্ত নেন।
২০১৭ সালে প্রায় চার একর জমির ওপর গড়ে তোলেন একটি আম বাগান। শুরুতে অভিজ্ঞতার অভাব, আবহাওয়াজনিত ঝুঁকি ও আর্থিক অনিশ্চয়তাসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাকে। তবে ধৈর্য, কঠোর পরিশ্রম এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণের মাধ্যমে ধীরে ধীরে সফলতা অর্জন করেন।
বর্তমানে তার বাগানে রুপালী ও হিমসাগর জাতের উন্নতমানের আম উৎপাদিত হচ্ছে। প্রতিদিন বাগান পরিচর্যা, ফল সংগ্রহ ও অন্যান্য কাজে প্রায় ১২ জন শ্রমিক কাজ করেন। ফলে নিজের আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি স্থানীয় মানুষের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
শাহান্দার হাওলাদার বলেন, ‘চাকরি না পেয়ে একসময় খুব হতাশ হয়ে পড়েছিলাম। পরে ইউটিউব থেকে আমচাষের বিভিন্ন বিষয় শিখে বাগান শুরু করি। প্রথমদিকে অনেক কষ্ট ছিল, তবে এখন ভালো ফলন পাচ্ছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে বাগান সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।’
স্থানীয় বাসিন্দা রাকিব হাসান বাসস’কে জানান, শাহান্দারের সাফল্য এলাকার তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। তিনি দেখিয়ে দিয়েছেন, আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিকল্পনা থাকলে কৃষিও লাভজনক পেশা হতে পারে।
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, এক সময় মাদারীপুর অঞ্চলের আমের চাহিদা মেটাতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ থেকে আম আনা হতো। এখন আমরা বাড়ির পাশেই ফরমালিন মুক্ত আম পাই।
কৃষি শ্রমিক জহুরুল খা বলেন, আমরা শাহান্দার ভাইয়ের আম বাগানে চাকরি করি। তার উসিলায় আমাদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।
মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ শাশ্বতী ছন্দা দেবনাথ বাসস’কে বলেন, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর জেলায় আমের বাম্পার ফলন হয়েছে। বিশেষ করে রুপালী জাতের আমের উৎপাদন আশাব্যঞ্জক। কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করতে কৃষি বিভাগ বিভিন্ন পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মাদারীপুর জেলায় ৩৫৭ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। প্রতি হেক্টরে গড়ে ৭৮ মেট্রিক টন উৎপাদন ধরে মোট ২৪ হাজার ২৩৪ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসনের আশা, চলতি মৌসুমে জেলায় আম উৎপাদন ও বিপণনকে কেন্দ্র করে উল্লেখযোগ্য অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি হবে। সেই সম্ভাবনার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন তরুণ উদ্যোক্তা শাহান্দার হাওলাদার।