
ঢাকা, ২২ ফেব্রুয়ারি , ২০২২ (বাসস) : রাজধানীর নিউমার্কেট নীলক্ষেত (ইসলামিয়া সুপার) বই মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের সদস্যরা রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
দি লাইফ সেভিং ফোর্স বাহিনী’র মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, শাহজাহান শিকদার বাসসকে এ খবর জানিয়েছেন।
রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন বাসসকে জানান, আজ সন্ধ্যা ৭ টা ৪৩ মিনিটে নিউমার্কেট ইসলামিয়া সুপার মার্কেট ওরফে নীলক্ষেত বই মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে পলাশী থেকে ২টি ইউনিটের সদস্যরা ৭ টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে । এরপর লালবাগ থেকে ৩ টি ও সদরদপ্তর থেকে ৫ টি ইউনিট তাদের সাথে যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানের নেতৃত্বে ১০টি ইউনিটের সদস্যরা মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার পর নীলক্ষেত বই মার্কেটের লাভলী হোটেল (২য় তলায়) থেকে আগুন নিচতলাসহ অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।
মায়ের দোয়া বুক হাউজের বিক্রয়কর্মী প্রত্যক্ষদর্শী সুমন মিয়া জানান, নিউমার্কেট ইসলামিয়া সুপার বই মার্কেটের খাজা স্টেশনারি দোকান থেকে আগুন লাগে। দোকানটিতে গ্যাস সংযোগের কাজ চলছিল। সেখানে হঠাৎ আগুনের ফুলকি দেখা যায়। পরক্ষণেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এখন শুধু ড্রাম্পিংয়ের কাজ চলছে। এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।